Sylhet Today 24 PRINT

সড়কপথে বাংলাদেশে এলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুন, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত হয়ে সড়কপথে ঢাকায় পৌঁছেছেন। ভারতের সাবেক রেলমন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।

ঢাকায় পৌঁছানোর পর ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন বাধে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তার আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দীনেশ ত্রিবেদী দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে সুগভীর জ্ঞান রাখেন। গুজরাটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি সাবলীলভাবে বাংলা ভাষায় কথা বলতে পারেন। রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার সমন্বয়ে তাকে বাংলাদেশে ভারতের নতুন কূটনৈতিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্রণয় ভার্মা। সম্প্রতি তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতের কূটনৈতিক প্রথা অনুযায়ী সাধারণত ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তারাই হাইকমিশনার পদে নিয়োগ পান। তবে দীনেশ ত্রিবেদীর নিয়োগ সেই প্রচলিত ধারার ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে তার গভীর উপলব্ধিকে এই নিয়োগের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।

আশির দশকে কংগ্রেসের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক যাত্রা শুরু করেন দীনেশ ত্রিবেদী। পরে জনতা দলে যোগ দিয়ে ১৯৯০ সালে প্রথমবার রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত থাকলেও ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা নিয়ে এবার তিনি বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নেতৃত্ব দিতে যাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.