Sylhet Today 24 PRINT

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর

সিলেটটুডে ডেস্ক |  ২৩ জুন, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের সরকারি উচ্চপর্যায়ের কর্মকর্তারা।

তথ্যটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে চীনে গেছেন তারেক রহমান।

রাষ্ট্রীয় এ সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

এর আগে স্থানীয় সময় সোমবার (২২ জুন) বিকেল ৫টার দিকে তিনি ও তার সফরসঙ্গীরা কুয়ালালামপুর থেকে বিশেষ বিমানে চীনের দালিয়ানের পথে রওয়ানা হন।

গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাষ্ট্রীয় সফর শুরু করেন মালয়েশিয়া দিয়ে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। ছোট শিশু মাইসা নুর আইশা জুবাইদা রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময়ে বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও ডেপুটি হাই কমিশনার মিস সাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.