Sylhet Today 24 PRINT

শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর শুরু হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে বলে আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, আগামী মাসে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানানের বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে। তার এই সফরের আগে চলমান মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেই অচলাবস্থা চলছে, তা ইতোমধ্যে কাটতে শুরু করেছে।

মালয়েশিয়া সফর শেষে মঙ্গলবার দেশে ফিরে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আরিফুল হক চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর রামানান আগামী জুলাই মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন। তার এই সফর দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনসংক্রান্ত আলোচনা আরও গতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

শ্রমিক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন জটিলতা দূর করা এবং মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে যে উদ্যোগ চলছে, সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সমস্যাগুলোর সমাধান খুব দ্রুতই হয়ে যাবে।"

তিনি আরও জানান, বাংলাদেশ ও মালয়েশিয়ার পরবর্তী দ্বিপক্ষীয় বৈঠকে শ্রম অভিবাসনবিষয়ক বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে কর্মী নিয়োগের বর্তমান কাঠামোতে পরিবর্তন বা হালনাগাদের সম্ভাবনাও রয়েছে।

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা সীমিতসংখ্যক এজেন্সির একচেটিয়া ব্যবস্থা গ্রহণযোগ্য নয় বলে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি বলেন, "আমরা কোনো সিন্ডিকেটে বিশ্বাস করি না। অল্প কয়েকটি এজেন্সির মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখব না।"

এ সপ্তাহে মালয়েশিয়া সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান, যেন দেশটি দ্রুত বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করে এবং বাংলাদেশ থেকে আরও বেশি শ্রমিক নিয়োগ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.