Sylhet Today 24 PRINT

মদ কি মাদক, খেতে কেন ‘লাইসেন্স’ লাগে: সংসদে প্রশ্ন এমপি ইকবালের

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০২৬

মদ পান করার জন্য লাইসেন্স লাগে, এমন নিয়ম নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

নতুন অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বরেন, মদ ও মাদককে এক করে দেখা ঠিক কি না, তা বিবেচনা করা দরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “মদ কি মাদক মাননীয় স্পিকার? না মাদক আর মদ, এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, এক বোতল মদ পাইলেই মানুষে মামলা দেয়।”

এ পর্যায়ে অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “আপনার সময় শেষ।” যদিও পরে সংসদ সদস্য ইকবালকে এক মিনিট সময় বাড়িয়ে দেন সভাপতি।

তখন তিনি মদ খেতে লাইসেন্স লাগার নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন।

এ আইনপ্রণেতা বলেন, “গাড়ি চালাইতে লাইসেন্স লাগে। মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে। দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার।”

কিশোরগঞ্জের নিকলী-বাজিতপুর এলাকার এই সংসদ সদস্য বলেন, “রাস্তাঘাটে, যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওরা ‘মাইন্ড’ করছে। এটা যেন লাইসেন্স লাগে, এই ব্যবস্থা মানুষ কইরেন।”

বাজেটের প্রশংসা করে শেখ মুজিবুর রহমান ইকবাল অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ‘লুটপাটের’ অভিযোগ তোলেন। সে সরকারের ১৮ মাসের পর যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই বাজেট দিতে পারায় তিনি সরকারের প্রশংসা করেন।

“বাজেট মোটা না চিকন, এটা বাংলাদেশের মানুষ অবলোকন করেছে, আমি ছোট বেলা থেকে দেখতেছি, বিগত ১৭ বছর দেখছি বাজেট যেদিন হইছে, হওয়ার সাথে সাথে রাস্তায় মিছিল- ‘মানি না, মানব না, এই বাজেট মানি না। এবারই প্রথম দেখলাম কোনো মিছিল রাস্তায় নাই।”

তিনি বলেন, “হার্টের রিং, ব্যান্ডেজ, কিডনি রোগীর সমস্ত খাতের বাজেটের দাম কমানো হয়েছে...শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হল মদের দাম। যদি এইটা কোনো ব্যাঘাত হয়, তাইলে আমার বলার কিছু নাই।”

তিনি বলেন, এবারের বাজেট মধ্যবিত্ত ও মেহনতি মানুষের বাজেট। মানুষ চাল, ডাল ও তেলের দাম কম দেখতে চায়; এগুলোর দাম নিয়ন্ত্রণে থাকলে মানুষ ভালো থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পুলিশের বরাদ্দ বাড়ানোর দাবি জানান কিশোরগঞ্জ-৫ আসনের এই সংসদ সদস্য।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো নয়। তার হাওর এলাকার বিভিন্ন থানায় টহলের গাড়ি নেই, স্পিডবোট নেই।

ইকবাল বলেন, “রাতের অন্ধকারে মানুষ যাইতে পারে না, চলাচল করতে পারে না।”

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, টহল না বাড়ালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে।

বাজেটকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা না করে সবাইকে বাজেট বাস্তবায়নের দিকে নজর দিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.