সিলেটটুডে ডেস্ক | ০৩ জুলাই, ২০২৬
সুখরঞ্জন বালি
যুদ্ধারাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুম করার অভিযোগে গ্রেপ্তার সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালত সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার রাতে ঢাকার নিজ বাসা থেকে ফজলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর শুক্রবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী কর্মকর্তা মো. হেলালুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে শুনানিকালে আসামিকে এজলাসে ওঠানো হয়নি।
আটকের আবেদনে বলা হয়, ২০১২ সালের ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার সময় দেলোয়ার হোসেন সাঈদীর পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি তার আইনজীবীসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (পুরাতন হাইকোর্ট ভবন)-এর মূল ফটকের সামনে গাড়িযোগে এসে থামেন। সঙ্গে সঙ্গে সাদা পোশাকধারী বাহিনীর লোকজন সুখরঞ্জন বালিকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে জোরপূর্বক তাদের একটি সাদা ডাবল কেবিন গাড়িতে উঠিয়ে নিয়ে যায়।
এরপর ভিকটিম সুখরঞ্জন বালিকে চোখবাঁধা অবস্থায় ২ মাস ধরে শারীরিক নির্যাতন করে অন্ধকার বন্দিশালায় আটকে রাখা হয়। পরবর্তীতে ভারতের দমদম কেন্দ্রীয় কারাগারে ৫ বছর আটকে থাকার পর সেখানকার গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পায়। তখন বাংলাদেশ থেকে তার ছেলে অপূর্ব বালি ভারতে গিয়ে কারাগার থেকে তার বাবাকে জামিনে মুক্ত করে নিয়ে আসেন।
আবেদনে আরও বলা হয়, মামলাটির তদন্তকালে এবং প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণে জানা গেছে যে, ঘটনার দিন ডিএমপি ডিবি থেকে ২টি ডাবল কেবিন গাড়িযোগে আসামি মো. ফজলুর রহমান ও তার সঙ্গী অফিসার ও ফোর্স আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মুখ থেকে ভিকটিমকে জোরপূর্বক আটক করে ডিএমপি ডিবি কার্যালয়ে নিয়ে যান। সেখানে হাজতখানায় রাখার পর তাকে সীমান্ত দিয়ে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তাই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখার প্রার্থনা করেন তদন্তকারী কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা গেছে, পিরোজপুরের বাসিন্দা সুখরঞ্জন বালি ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনালে সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে এসে আদালত প্রাঙ্গণ থেকেই নিখোঁজ হন। সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তাকে সীমান্ত এলাকায় পাওয়া গেছে। তবে তার পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো তখন থেকেই অভিযোগ করে আসছিল যে, তাকে ট্রাইব্যুনাল এলাকা থেকেই তুলে নেওয়া হয়েছিল। ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর, ওই মাসেরই ২১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করেন সুখরঞ্জন বালি। অভিযোগে তিনি দাবি করেন, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়া এবং পরবর্তীতে তার পক্ষে সাক্ষ্য দিতে আসায় তাকে গুম ও নির্যাতন করা হয়েছিল।
এই অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে বিবাদী করা হয়েছে।
আসামিদের তালিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ট্রাইব্যুনালের সাবেক বিচারক বিচারপতি এ টি এম ফজলে কবির, সাবেক তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন এবং পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম আউয়ালের নামও রয়েছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রিক্যুইজিশনের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিক্যুইজিশন দিয়েছিল। সেই রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে (ফজলুর রহমান) গ্রেপ্তার করা হয়েছে। আমরা রিক্যুইজিশনের মাধ্যমে জানতে পেরেছি, ডিবিতে থাকাকালীন এই কর্মকর্তা ও তার টিম সুখরঞ্জন বালিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অপহরণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।'