Sylhet Today 24 PRINT

প্রাথমিকে প্রধানমন্ত্রীর লেখা ও তার বাবা-মার জীবনী নিয়ে লেখা তিন বই রাখার নির্দেশনা বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০২৬

দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটি এবং তার বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই সংরক্ষণের নির্দেশ দিয়ে পরে তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটির নাম ‘সবার আগে বাংলাদেশ’। বাকি দুটো হল মাহফুজ উল্লাহর লেখা ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’।

নির্দেশনা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। তিনি জানান, আজকে মন্ত্রণালয় এই নির্দেশনাপত্রটি বাতিল করেছে।

জানা গেছে, গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য (তিনটি বইয়ের সমন্বয়ে) ১ সেট বই সংরক্ষণ’ নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নির্দেশনাপত্র দেয়। সেখানে ওপরের তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছিল।

ওই নির্দেশনা নিয়ে সমালোচনা শুরু হলে সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় আদেশটি বাতিল করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.