Sylhet Today 24 PRINT

প্রতিমমন্ত্রী মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন সিলেটের আইরিন খান

নিজস্ব প্রতিবেদক |  ০৯ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আইরিন খানকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) প্রতিমন্ত্রী পদমর্যাদায় তাকে এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ।

আইরিন খান সিলেটের মেয়ে। তিনি সিলেটের ঐতিহ্যবাহী সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের ডাক্তার সিকান্দার আলী খানের মেয়ে সাবেক এয়ারভাইস মার্শাল মাহবুব আলী খানের ভাতিজি। বর্তমান প্রধনামন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান তার চাচাত বোন।

এর আগে তিনি ২০২০ সালে ১ আগস্ট থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাবিষয়ক বিশেষ র‌্যাপোটিয়ার হিসাবে কাজ করছিলেন। আইরিন ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এই পদে তিনি ছিলেন প্রথম এশীয় নারী। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট ল অর্গানাইজেশন এর মহাপরিচালক হিসাবে কাজ করেন।

আইরিন খান জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনে (ইউএনএইচসিআর) তিনি দীর্ঘ ২১ বছর সদরদপ্তরসহ বিভিন্ন দেশে মাঠ পর্যায়ে কাজ করেছেন। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের একজন ভিজিটিং প্রফেসর। এছাড়া ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সালফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরিচালনা পর্ষদেরও সদস্য।

আইরিন খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি এবং আমেরিকার বিখ্যাত হার্ভার্ড ল স্কুল থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। বিশ্বজুড়ে নারী ও শিশুদের ওপর সহিংসতা রোধ এবং মানবাধিকার রক্ষায় অনন্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে বিখ্যাত 'সিডনি শান্তি পুরস্কার' সহ বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন।

তিনি ১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.