Sylhet Today 24 PRINT

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান সরকারের

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুলাই, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য, ভাষণ, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও বার্তা কোনো গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য দেশের সব গণমাধ্যম ও নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।

শুক্রবার (১০ জুলাই) সরকারের এক তথ্যবিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এই আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, গত ৫ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে।

এতে আরো বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের সাজাপ্রাপ্ত পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার, অডিও কিংবা ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য—সরাসরি কিংবা ধারণকৃত—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ কোনো মাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সরকার আশা প্রকাশ করে, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা প্রতিপালনে সর্বাত্মক সহযোগিতা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.