Sylhet Today 24 PRINT

হামে শিশু সাউদার মৃত্যু: ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে সন্তানহারা বাবার মামলা নেয়নি আদালত

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জুলাই, ২০২৬

হামে নিজের মেয়েশিশু সাউদা মুসকানের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে এক সন্তানহারা বাবার করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

রোববার (১২ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক বলেন, মামলা গ্রহণ করার উপাদান না থাকায় তা খারিজের আদেশ দিয়েছে আদালত।

গত ৫ জুলাই সকালে আদালতে এ আবেদন করেছিলেন হামে মারা যাওয়া ৯ মাস বয়সি সাউদা নুসকানের বাবা সিরাজুল ইসলাম। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখে। বিকালে জানানো হয়, ১২ জুলাই আদেশ দেবে আদালত।

ইউনূস ও নূরজাহান ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে এ মামলায় আসামি করার আর্জি জানানো হয়েছিল।

মামলার আর্জিতে বলা হয়, গেল ফেব্রুয়ারির শেষ দিক ও মার্চের শুরুর সময়ে শরীয়তপুর সদরের নয় মাস বয়সি সাউদা মুসকান হঠাৎ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়। স্থানীয় চিকিৎসায় ফল না দেওয়ায় মার্চের প্রথম সপ্তাহে শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে হামের চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে শিশুটিকে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ২২ মার্চ স্থানান্তর করা হয়।

সেখানকার চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসায় অসহযোগিতা ও অবহেলার অভিযোগ তুলে আবেদনে বলা হয়, বাদীর স্ত্রীর হাতে ২৬ মার্চ অক্সিজেন সিলিন্ডার ধরিয়ে দিয়ে বাচ্চার মুখে লাগাতে বলা হয়। তবে শিশুর মা ব্যর্থ হলে কর্তব্যরত চিকিৎসক সুইপারকে দিয়ে শিশুর মুখে তা লাগিয়ে দেওয়া হয়। এর ঘণ্টা দুয়েক পরে শিশুটি মারা যায়।

মামলার আর্জিতে বলা হয়েছিল, শিশুদের টিকার যোগান সময়মত না থাকা, হাসপাতাল কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা না নেওয়া এবং টিকা কেনা ও তা দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের ‘মারাত্মক খামখেয়ালিপনা’ এবং অবহেলাজনিত কারণে দেশে ছয় শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে সাউদা মুসকান অন্যতম।

এসব মৃত্যুর দায় বিবাদীরা কোনোভাবেই এড়াতে পারেন না উল্লেখ করে আবেদনে বলা হয়েছিল, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকার পরও হামজনিত শিশু মৃত্যু প্রতিরোধে তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি; অবহেলাজনিত দায়ভারের জন্য তারা একইভাবে দায়ী ও প্রচলিত আইনে শান্তি পাওয়ার যোগ্য।

এরআগে একই ধরনের অভিযোগে ঢাকার আদালতে মুহাম্মদ ইউনূস, নূরজাহান বেগমদের বিরুদ্ধে একাধিক মামলার আবেদন খারিজ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.