সিলেটটুডে ডেস্ক | ১৪ জুলাই, ২০২৬
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি আখ্যা দেওয়ার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক জায়গায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার এবং সায়েন্সল্যাব মোড়ে পরীক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এ বিক্ষোভ করেন।
পূর্বঘোষণা অনুযায়ী তারা এ বিক্ষোভ কর্মসূচি করেন।
এদিন রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব মোড় ছাড়াও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন এক দল পরীক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা, ‘দফা এক, দাবি এক, মিলনের পদত্যাগ’; ‘আমাদের ন্যায্য দাবি মানতে হবে, মানতে হবে’; ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, এবং ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচিতে অংশ নেওয়া ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থী আইমান মাহমুদ বলেন, শিক্ষামন্ত্রী ক্ষমতা গ্রহণের পর থেকে শিক্ষার্থীদের অপনেন্ট বানাচ্ছেন। বিভিন্ন কেন্দ্রে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যতদিন বৈরী আবহাওয়া বিরাজ করবে ততদিন পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে। ফিজিক্স ও একাউন্টিং এর পরীক্ষা অনেক শিক্ষার্থী দিতে পারেনি। এই দুই পরিক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আমাদের সামনে ক্ষমা চাইতে হবে।
আন্দোলনের বিষয়ে সিটি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, এতো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমাদের পরীক্ষা চলমান রাখা হয়েছে। এতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তারপরও পরীক্ষা স্থগিত করা হয়নি।
তিনি বলেন, আবার সম্পূর্ণ সিলেবাস শেষ না করেই পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে অনেকের পরীক্ষা ভালো হয়নি এবং আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।
এর আগে তিন দফা দাবিতে সায়েন্সল্যাব কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। যারা বৈরী আবহাওয়ার কারণে যারা ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণ। আগামী ২৪ ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ।