Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগসহ ৩ দফা দাবিতে সংসদ ভবন অভিমুখে শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ছেড়ে জাতীয় সংসদ ভবন অভিমুখে যাত্রা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা দ্বিতীয়বারের মতো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। সোয়া এক ঘণ্টার বেশি অবরোধ করে তারা বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সংসদ অভিমুখে যাত্রা করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবি তুলে ধরে মিছিল করতে করতে সায়েন্স ল্যাব থেকে মিরপুর সড়ক ধরে সংসদের দিকে এগিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের ঘোষিত তিন দফা দাবি হলো-
১. দেশের বিভিন্ন এলাকায় চলমান দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখতে হবে।
২. বৈরী আবহাওয়ার কারণে যেসব পরীক্ষার্থী ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে পদত্যাগ করতে হবে।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আজ সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তারা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন। অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ করেছেন তারা।

সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। এরপর তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। বেলা সোয়া একটার দিকে ভিসি চত্বরের সামনে থেকে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে যান।

শিক্ষার্থীরা বেলা পৌনে তিনটার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ইট ছোড়েন। গেটে ধাক্কাধাক্কি করেন।

এক শিক্ষার্থীরা সেখান থেকে সরে আবার সায়েন্স ল্যাব মোড়ের দিকে আসেন। বিকেল চারটার কিছু আগে তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন।

দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। এর মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান। এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রীর এই বক্তব্যের পর শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করেন।

ঢাকার মধ্যে এই অবরোধ–বিক্ষোভের পাশাপাশি ঢাকার অন্যতম প্রবেশমুখ উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ– অবরোধ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.