Sylhet Today 24 PRINT

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৬

সকাল থেকে সারা দিন ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সড়ক অবরোধ করে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন পরীক্ষার্থীরা। জাতীয় সংসদে অধিবেশন চলার মধ্যে সন্ধ্যা ৬টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দিচ্ছেন তারা।

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তারা এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও কঠিন প্রশ্ন করার অভিযোগও তুলেছেন। অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ করেছেন তারা।

সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ সরিয়ে দিলে যান বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। সেখান থেকে ফিরে বিকেল পৌনে চারটার দিকে আবার সায়েন্স মোড় অবরোধ করেন।

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের বিষয়গুলো দেখার আশ্বাস দিয়ে তাদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে তিনি বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর এই ঘোষণার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। সেগুলো হলো- অনতিবিলম্বে আজ সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং অসংগতিপূর্ণ কথা-বার্তার জন্য ক্ষমা চাইতে হবে, যারা ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং যারা করেনি- সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা নিতে হবে এবং আগামীকালের অর্থাৎ ১৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করতে হবে, পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করতে হবে এবং প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব হতে হবে।

এসব দাবি জানিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করেন।

সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এক ঘণ্টা অবরোধ করেন। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করেন। এরপর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। বেলা সোয়া একটার দিকে ভিসি চত্বরের সামনে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে যান।

শিক্ষার্থীরা বেলা পৌনে তিনটার দিকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন। একপর্যায়ে ইট ছোড়েন। গেটে ধাক্কাধাক্কি করেন।

এর মধ্যে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান। এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পূর্ণ নম্বর পাবেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

মন্ত্রীর এই বক্তব্যের পর শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে জাতীয় সংসদ অভিমুখে যাত্রা করেন।

ঢাকার মধ্যে এই অবরোধ–বিক্ষোভের পাশাপাশি ঢাকার অন্যতম প্রবেশমুখ উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এছাড়া সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায় এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ– অবরোধ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.