Sylhet Today 24 PRINT

সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিপেটা, সরে গেল আন্দোলনকারীরা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনরতদের সরিয়ে দেওয়া শুরু করে পুলিশ। শিক্ষার্থীদের লাঠিপেটার পাশাপাশি ধাওয়া দিতে দেখা যায় পুলিশ সদস্যদের। এসময় ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা।

এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন বটতলার গেইটে অবস্থান নেন পরীক্ষার্থীরা। অ্যাভিনিউয়ের দুই পাশেই আটকে রাখার ফলে আসাদগেইট থেকে খামারবাড়ির দিকে এবং খামার বাড়ি থেকে আসাদ গেইট অভিমুখে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম তখন বলেন, “শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে মানিক মিয়া অ্যাভিনিউর সড়কে অবস্থান নিয়েছে, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে পুলিশের বাড়তি ফোর্স রয়েছে।”

সংসদ ভবনের সামনে অবরোধের আধা ঘণ্টা পর পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া শুরু করার পাশাপাশি তাদের দেওয়া ব্যারিকেডও সরিয়ে দিয়েছে।

প্রথমে পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে।

পুলিশ লাঠিপেটা শুরু করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট–পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের জাতীয় সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত নিয়ে যায়।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে বিকাল সাড়ে ৫টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে তার সঙ্গে জরুরি বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সন্ধ্যা ৭টা পর্যন্তও ওই বৈঠক চলছিল বলে প্রাথমিক ও গণশিক্ষা জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া জানিয়েছেন।

তানভীর মিয়া বলেন, “এইচএসসি পরীক্ষা ও এ সংক্রান্ত বিষয়ে জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা করছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষা পেছানো, প্রশ্নে ভুল ও এ সংক্রান্ত তথ্য উপাত্ত নিয়ে শিক্ষামন্ত্রী সভায় অংশ নিয়েছেন।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.