Sylhet Today 24 PRINT

আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করে আসছি: ছাত্রদল নেতাকে কুমিল্লার এসপি আনিসুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০২৬

আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করে আসছি বলে মন্তব্য করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

গতকাল ১৬ জুলাই জাতীয় জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।

ওই ছাত্রদল নেতার নাম ফখরুল ইসলাম মিঠু। তিনি কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

আলোচনা সভায় পুলিশ সুপারকে উদ্দেশ্য করে ফখরুল ইসলাম মিঠু বলেন, আপনি কুমিল্লা আসার পরে ফ্যাসিস্টরা কুমিল্লায় এসেছে। আপনি তাদের গ্রেফতার করছেন না।

প্রতি-উত্তরে পুলিশ সুপার বলেন, এটা পলিটিক্স মঞ্চ নয়, একটা বাহিনীর সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না । ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ছাত্রদল করে আসছি ঢাকায়। আপনি যখন একটা মিটিং এ কথা বলবেন তখন তথ্য নিয়ে কথা বলবেন।

এ প্রসঙ্গে আবারও মাইক নিয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু বলেন, আমরা যখন আপনাদেরকে তথ্য দেই তখন আপনারা গ্রেফতার করেন না। জবাবে পুলিশ সুপার বলেন, যাকে আপনাদের পছন্দ হয় না, তাদেরকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। ৫ আগস্টের পরে দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ ঘুরিয়ে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টের লোকজন তো পুলিশে আছেই। গত ১৭ বছর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র চার মাস এ সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে একটা বাচ্চাও খাওয়া শিখতে ৯-১০ মাস লাগে।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, দেশে বিচার হচ্ছে ইতিমধ্যেই হাসিনার এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ পুলিশের হাবিবের ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করেন। আমি নিজেই অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি ঢাকায়।

এ সময় কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ রাজনৈতিক, সামাজিক, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.