Sylhet Today 24 PRINT

গাজী নজরুলের নারীঘটিত কেলেঙ্কারি ও দুর্নীতির তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অনৈতিক কর্মকাণ্ড, দুর্নীতি এবং তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর অভিযোগ তুলেছেন তারই সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান ওরফে ওবায়দুল্লাহ।

এই ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

সোমবার (২০ জুলাই ২০২৬) ওবায়দুল্লাহর স্বাক্ষরিত ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাত আনুমানিক ১১:৩০ মিনিটে রাজধানীর পল্লবী থানাধীন উত্তর কালশীর আলীনগরে অবস্থিত ‘রোজ গার্ডেন টাওয়ার ২’-এর ডি-২ ফ্ল্যাটের একটি কক্ষে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। উক্ত হামলায় বরখাস্তকৃত পুলিশ এসআই আমীন, মাসুম বিল্লাহ ও মোক্তাসিম বিল্লাহ লাঠিসোটা নিয়ে অংশ নেন এবং তাকে মারাত্মক আহত করেন। পরে তার মা ও বোনের সহায়তায় তাকে উদ্ধার করে রাত ১২:৩৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পরিচিত একজনের বাসায় প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন।

আবেদনে দাবি করা হয়, এই হত্যাচেষ্টার প্রধান নির্দেশদাতা হলেন এমপি গাজী নজরুল ইসলাম। ওবায়দুর রহমান ওরফে ওবায়দুল্লাহ তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করার সূত্রে এমপির জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ, মস্তান বাহিনী গঠন এবং নারীঘটিত বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সরাসরি প্রত্যক্ষদর্শী।

চিঠিতে সিসিটিভি ফুটেজের তথ্য উল্লেখ করে এমপি গাজী নজরুলের নারীঘটিত ঘটনার কয়েকটি নির্দিষ্ট তারিখ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে: ২২ জুন ২০২৬ বেলা ১:৩০ মিনিটের পর মেট্রোরেলের পল্লবী স্টেশনের দোতলায় একটি কফি শপে এক ১৭ বছরের মেয়েকে নিয়ে প্রায় ১ ঘণ্টা অবস্থান; ৯ জুলাই ২০২৬ বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মিরপুর ১২ নম্বরে ‘দীশা ইনস্টিটিউট অব টেকনোলজি’-তে ওই একই মেয়েকে নিয়ে অবস্থান; ১৩ জুলাই ২০২৬ বেলা ১০:৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মগবাজারে এক মহিলার বাসায় উক্ত মেয়েকে নিয়ে অসামাজিক কাজ, যার গোপন ভিডিও রয়েছে বলে জানান তিনি।

এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ থাকার কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওবায়দুর রহমান।

চিঠিতে স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আবেদন জানিয়ে বলা হয়, এই হত্যাচেষ্টা ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত সকল চরিত্রহীন, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের পাশাপাশি হুকুমদাতা হিসেবে এমপি গাজী নজরুল ইসলামকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক এবং আবেদনকারীর জীবনের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.