Sylhet Today 24 PRINT

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের বিস্ফোরক অভিযোগ এনেছেন তার সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন তিনি।

এতে গাজী নজরুলের বিরুদ্ধে একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীকে নিয়ে অনৈতিক কর্মকাণ্ড ও সিসিটিভি ফুটেজে তার প্রমাণ থাকার কথা উল্লেখ করা হয়।

সোমবার (২০ জুলাই) জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর নিকট এই লিখিত আবেদন জানান ওবায়দুর রহমান।

ওবায়দুর রহমানের দাবি, তিনি দীর্ঘদিন গাজী নজরুলের ড্রাইভার ও ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে কাজ করার সূত্রে তার নানা দুর্নীতি, জমি দখল, বালুমহাল দখল, ঘুষ গ্রহণ এবং নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডের চাক্ষুষ সাক্ষী বলে জানান।

চিঠিতে সিসিটিভি ফুটেজের তথ্য উল্লেখ করে এমপি গাজী নজরুলের নারীঘটিত ঘটনার কয়েকটি নির্দিষ্ট তারিখ তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে: ২২ জুন ২০২৬ বেলা ১:৩০ মিনিটের পর মেট্রোরেলের পল্লবী স্টেশনের দোতলায় একটি কফি শপে এক ১৭ বছরের মেয়েকে নিয়ে প্রায় ১ ঘণ্টা অবস্থান; ৯ জুলাই ২০২৬ বেলা ১টা থেকে ২টা পর্যন্ত মিরপুর ১২ নম্বরে ‘দীশা ইনস্টিটিউট অব টেকনোলজি’-তে ওই একই মেয়েকে নিয়ে অবস্থান; ১৩ জুলাই ২০২৬ বেলা ১০:৩০ মিনিট থেকে বিকেল পর্যন্ত মগবাজারে এক মহিলার বাসায় উক্ত মেয়েকে নিয়ে অসামাজিক কাজ, যার গোপন ভিডিও রয়েছে বলে জানান তিনি।

ওবায়দুর রহমানের অভিযোগ, এমপি গাজী নজরুলের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ও প্রমাণ তার কাছে থাকার কারণেই তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.