Sylhet Today 24 PRINT

পদত্যাগের পরেও এক মাস বঙ্গভবনে থাকতে পারবেন মো. সাহাবুদ্দিন, পাবেন নানা সুবিধা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুলাই, ২০২৬

শারীরিক অসামর্থ্যের কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে তাঁর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র হাতে পাওয়ার পর তা গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে তিনি নিজে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতির পদ ত্যাগের পর এখন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ করবেন। তবে এখনই সেটা করতে হচ্ছে না তাকে। আইন অনুযায়ী এর জন্যে তিনি ১ মাস সময় পাচ্ছেন, এছাড়াও সাবেক রাষ্ট্রপতি হিসেবে ভোগ করবেন নানা সুযোগসুবিধা।

আইন অনুযায়ী, পদত্যাগের পর সরকারি বাসভবনে অবস্থানের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত রয়েছে। ‘দ্য প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫’-এর ধারা ৫(৪) অনুযায়ী, পদত্যাগ বা দায়িত্ব ত্যাগ করার অব্যবহিত পর সাবেক রাষ্ট্রপতি তাঁর বাসস্থানে এক মাস মেয়াদের জন্য অবস্থান করার অধিকারী হবেন। এই সময়কালে তাঁর ওপর কোনো খরচ বা ফি বর্তাবে না। অর্থাৎ এই এক মাস তিনি বঙ্গভবনে সম্পূর্ণ বিনামূল্যে অবস্থান করতে পারবেন এবং পানি, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সব পরিষেবা খরচ সরকার বহন করবে।

জানা গেছে, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর তিনি গুলশানের নিজ বাসভবনে উঠবেন।

একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী নির্ধারিত অবসরকালীন সুবিধা ও প্রটোকল লাভ করবেন। ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬’ অনুসারে, অন্তত ছয় মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি আমৃত্যু তাঁর সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা বা এককালীন আনুতোষিক পাওয়ার অধিকারী হন। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া মো. সাহাবুদ্দিন এই আইনের আওতায় অবসরভাতার পাশাপাশি নিজের দাপ্তরিক ও ব্যক্তিগত কাজের জন্য সরকারি খরচে একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সাহায্যকারী পাবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.