সিলেটটুডে ডেস্ক | ২৭ জুলাই, ২০২৬
প্রতীকী ছবি
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে।
আরও বলা হয়, ফলাফল পাওয়ার নিয়মাবলি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে, গত ৮ জুন এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় প্রায় ৭৯ হাজার কম।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজারের বেশি। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৩ লাখের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।