Sylhet Today 24 PRINT

মিরপুর-১০ স্টেশনে বোমা আতঙ্কে ৫২ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

সিলেটটুডে ডেস্ক |  ০১ আগস্ট, ২০২৬

মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু পাওয়া যাওয়ার খবরে আজ শনিবার দুপুরে প্রায় ৫২ মিনিট স্টেশনটির কার্যক্রম বন্ধ রাখা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের তল্লাশি ও নিরাপত্তা ক্লিয়ারেন্সের পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অপারেশন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুর ১২টা ৫৮ মিনিটে স্টেশন এলাকায় একটি সন্দেহজনক ব্যাগ দেখতে পেয়ে নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয় এবং মিরপুর-১০ স্টেশনে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। ট্রেনগুলো স্টেশনটি স্কিপ করে চলাচল করে।

খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিশেষ ডিভাইস ব্যবহার করে সন্দেহজনক বস্তুটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে এটি বোমা নয়, একটি কৌটা বলে নিশ্চিত হওয়া গেছে।

পরে নিরাপত্তা সংস্থার পক্ষ থেকে এলাকা নিরাপদ ঘোষণা করা হলে দুপুর ১টা ৫০ মিনিটে স্টেশনটির কার্যক্রম পুনরায় চালু করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও খোঁজখবর নিচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.