Sylhet Today 24 PRINT

অবকাঠামোগত ক্ষত শুকালেও জনআস্থার সন্ধানে এখনও পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২৬

প্রতীকী ছবি

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের অন্যতম প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘বাংলাদেশ পুলিশ’ যে অভূতপূর্ব ধাক্কা খেয়েছিল, দুই বছর পর এসে তার অবকাঠামোগত ক্ষতি অনেকটা কাটিয়ে ওঠা গেছে। তবে বাহিনীর জনআস্থা, ভাবমূর্তি এবং সদস্যদের মনোবল পুনরুদ্ধারের লড়াই এখনো চলমান।

চব্বিশের আন্দোলনকালে থানায় হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট ও নির্মম প্রাণহানির পর কার্যত ভেঙে পড়েছিল পুলিশের সার্বিক কার্যক্রম। বর্তমানে ক্ষতিগ্রস্ত থানাগুলোর দৈনন্দিন সেবা পুরোদমে চালু হলেও জনসাধারণের আস্থার সংকট ও বাহিনীর অভ্যন্তরীণ অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরে দেশের ৪৫০টি থানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ঢাকা মহানগর পুলিশেরই (ডিএমপি) ছিল ৪৩টি থানা। ওই সময় আগুনে পুড়ে ধ্বংস হয় গুরুত্বপূর্ণ নথি ও মামলার আলামত, এবং লুট হয়ে যায় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। প্রাণহানির দিক থেকেও পুলিশকে চরম মূল্য দিতে হয়েছিল; ২০২৪ সালের ২০ জুলাই থেকে ১৪ আগস্ট পর্যন্ত মোট ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন, যার মধ্যে শুধু ৫ আগস্টের দিনেই প্রাণ হারান ২৫ জন। সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল সিরাজগঞ্জের এনায়েতপুর থানায়, যেখানে ৪ ও ৫ আগস্টের মধ্যে নিহত হন ১৫ জন সদস্য। পদবিভিত্তিক খতিয়ানে জানা যায়, নিহতদের মধ্যে সর্বোচ্চ ২১ জন ছিলেন কনস্টেবল, ১১ জন উপপরিদর্শক (এসআই), ৮ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ৩ জন পরিদর্শক এবং ১ জন নায়েক। এছাড়া আন্দোলনকালে বাহিনীর ১ হাজার ১৪৬টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, যাতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২৮৫ কোটি টাকা। আন্দোলনে হতাহতদের বিচার ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে। বিএনপির সরকারের আমলেও বিচার চলমান। এই সময়ে পুলিশ হত্যার বিচারের দাবি উঠলেও সরকার এটাকে গ্রাহ্য করেনি। পুলিশ হত্যাকে দায়মুক্তি দেওয়া হয়েছে।

পুলিশ বহরে যানবাহনের এই তীব্র সংকট আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুরুতে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছিল। সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, আন্দোলনকালে সারা দেশে পুলিশের অর্ধেকের বেশি গাড়ি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় স্বাভাবিক টহল কার্যক্রম স্তব্ধ হয়ে পড়েছিল। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার পর এই লজিস্টিক সংকট কাটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তারই ধারাবাহিকতায় গত জুনে মাঠপর্যায়ে পুলিশের টহল ও অপারেশনাল কার্যক্রম গতিশীল করতে ১৮২ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ২১২টি নতুন ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবকাঠামোগত সংকট কিছুটা কাটলেও ভাবমূর্তি পুনর্গঠন এবং মনস্তাত্ত্বিক বিপর্যয় কাটানোই এখন বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চব্বিশের আন্দোলনে বলপ্রয়োগ ও দলীয় ক্যাডারের মতো ভূমিকা নেওয়ার যে অভিযোগ উঠেছিল, আন্দোলনকারীদের মন থেকে সেই ধারণা পুরোপুরি মোছেনি। তার ওপর গত ছয় মাসেও দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর একাধিক হামলায় অন্তত ৩১৭ জন সদস্য আহত হয়েছেন।

ডিএমপির এক কর্মকর্তা জানান, গণআস্থার সংকটের পাশাপাশি বাহিনীর অভ্যন্তরেও এক ধরনের অস্থিরতা কাজ করছে; ঢালাও গ্রেপ্তার, বদলি ও চাকরিচ্যুতির আতঙ্কে ঊর্ধ্বতন থেকে অধস্তন—সব স্তরের সদস্যই অনিশ্চয়তায় ভুগছেন, যা দৈনন্দিন দায়িত্ব পালনে প্রভাব ফেলছে।

এই কঠিন মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত না হলেও পুলিশের পোশাক বদলে এক প্রকার 'বেসরকারি গার্ডে'র রূপ দেওয়া হয়েছিল, যা বাহিনীর ভেতরে তীব্র ক্ষোভের জন্ম দেয়। সেই সরকারের আমলে পুলিশকে অনেকটাই প্রতিপক্ষ রূপে দেখা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশের লোগো বদলানো হয়েছে। সরকার-সমর্থিত মব-এর সময়েও পুলিশকে নিতে হয়েছে দর্শকের ভূমিকায়। পরবর্তীতে বিএনপি সরকার দায়িত্বে এসে পুলিশের পুরোনো ঐতিহ্যবাহী পোশাক ফিরিয়ে আনলে সদস্যদের মনস্তাত্ত্বিক অস্বস্তি কাটতে শুরু করে। বর্তমানে নিয়মিত প্রশিক্ষণ ও কল্যাণমূলক কাজের মাধ্যমে বাহিনীর মনোবল বৃদ্ধির চেষ্টা চলছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, অভূতপূর্ব ক্ষতির পর যেভাবে পুলিশ আবার পূর্ণ সক্ষমতায় সেবা কার্যক্রম চালু করেছে, তা সত্যিই প্রশংসনীয়। তবে মানুষের সঙ্গে ঐতিহাসিক দূরত্ব কমাতে কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক মনে করেন, দুই বছর পরও পুলিশের গ্রহণযোগ্যতার সংকট পুরোপুরি কাটেনি। মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা ও রাজনৈতিক চাপ এখনো রয়েছে, তাই পুলিশের ভাবমূর্তি শতভাগ পুনরুদ্ধার করতে হলে সবার আগে প্রয়োজন অভ্যন্তরীণ সমন্বয় ও পেশাদারত্বের চর্চা বাড়ানো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.