Sylhet Today 24 PRINT

উপজাতি, নৃ-গোষ্ঠী নয়, সংবিধানে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্ত করার দাবি

আজ আর্ন্তজাতিক আদিবাসী দিবস

সিলেটটুডে ডেস্ক |  ০৯ আগস্ট, ২০২৬

আজ ৯ আগস্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট বিভাগ সহ বিভিন্ন স্থানে পালিত হবে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

দেশের নৃতাত্ত্বিক জনগোষ্ঠির দাবি সংবিধানে ‘উপজাতি, নৃ-গোষ্ঠী’ শব্দগুলো বাদ দিয়ে তার পরিবর্তে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্ত করার।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকা বৃহত্তর সিলেট, মৌলভীবাজার,হবিগঞ্জ, ময়মনসিহং,পার্বত্য চট্টগ্রাম ও উত্তরবঙ্গ এলাকায় আলোচনা সভা, গণসমাবেশ ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন, সামাজিক ও মানবাধিকার সংগঠন।

প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ এবং তাদের জীবন-জীবিকার ওপর বিদ্যমান নানা সংকট সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য। জাতিসংঘ ১৯৯৪ সালে ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে দিবসটি শুধু সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ নয়। আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীর অধিকার, ঐতিহ্যগত জ্ঞান এবং নিরাপত্তার মতো বিষয়গুলোও দিবসটির আলোচনায় গুরুত্ব পাচ্ছে।

এবারের আন্তর্জাতিক আদিবাসী দিবসের প্রতিপাদ্যে “Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being.” অর্থাৎ আদিবাসী ধাত্রীদের অবদান ও ঐতিহ্যগত স্বাস্থ্যজ্ঞানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ বহু জাতি, ভাষা ও সংস্কৃতির দেশ। সমতল ও পাহাড়ি অঞ্চলে বসবাসকারী বিভিন্ন জনগোষ্ঠী এ দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিজস্ব ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, লোকসংগীত, নৃত্য, উৎসব, সামাজিক রীতি ও জীবনদর্শন বাংলাদেশের সংস্কৃতিকে করেছে আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়।

বাংলাদেশ আদিবাসী ফোরাম এর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে খাসি, হাজং,গারো, চাকমা, ত্রিপুরা, কোচ, বানাই, মনিপুরি, খিয়াং, ম্রো, বম, চাক, পাংখু, লুসাই, মারমা, তঞ্চঙ্গা, রাখাইন, খুমি, ডালু, সাঁওতাল, পাহাড়িয়া, মুন্ডা, মাহাতো, সিং, পাহান, রাজুয়াড়, মুসহর, রাই, বেদিয়া, বাগ্দি, কোল, রাজবংশী, পাত্র, মুরিয়ার, তুরী, মাহালী, মালো, উড়াঁও, তেলী,বাড়াইক, খাড়িয়া ক্ষত্রিয় বর্মন, গন্ড, খন্ড, আসাম, গোর্খা, কর্মকারসহ ৫৪ টি সমপ্রদায়ের ৪০—৫০ লক্ষ আদিবাসী রয়েছে।

তবে স্বাধীনতার প্রায় ৫৬ বছর পরেও আদিবাসীদের স্বীকৃতি দেয়া হয়নি। এমন কি আদিবাসীদের সংস্কৃতি রক্ষায় সরকারিভাবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.