Sylhet Today 24 PRINT

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পরদিন মোদির সাথে দীনেশ ত্রিবেদীর বৈঠক

সিলেটটুডে ডেস্ক |  ১১ আগস্ট, ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে গিয়ে একদিনের মাথায় মঙ্গলবার (১১ আগস্ট) এই বৈঠক হলো।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক হয়। এই কূটনৈতিক ঢাকায় আসার পর বাংলাদেশের সরকারপ্রধানের সাথে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। এই বৈঠকের পর দেশের উদ্দেশে ঢাকা ছাড়েন ভারতীয় হাইকমিশনার। সেখানে গিয়ে এবার বসলেন নরেন্দ্র মোদির সঙ্গে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের ও বহুমুখী সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে নরেন্দ্র মোদির পরামর্শ ও দিকনির্দেশনা চান দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

এদিকে, তারেক রহমান ও দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তারা আশা করছেন যে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ভারত সরকার অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশ রাষ্ট্রের কোনও স্তম্ভকে আন্ডারমাইন আর করার মতো কিছু তারা করবে না।

আর প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়৷ বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

অন্যদিকে, বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে তার 'খুবই ভালো আলোচনা হয়েছে'। তারা এখন সামনের দিকে তাকাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.