সিলেটটুডে ডেস্ক | ১৫ আগস্ট, ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাত বার্ষিকী শনিবার। ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
টুঙ্গিপাড়া, কোটালীপাড়াসহ জেলার স্পর্শকাতর স্থানে জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করার কথা জানিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
শুক্রবার বিকাল থেকে জেলা ও দায়রা জজের বাস ভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ওই এলাকায় যানবাহন চলাচল সীমিতি করা হয়েছে।
এ ছাড়া উপজেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
জেলা প্রশাসক আরিফ-উজ-জামান বলেন, “১৫ আগস্ট নয় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরতি দিয়ে দিয়ে বিজিবি মোতায়েন করা হবে সেটি আইনশৃঙ্খলা ও মনিটরিং কমিটিতে সিদ্ধান্ত হয়েছিল। এটি আমাদের রুটিন কাজেরই অংশ।”