Sylhet Today 24 PRINT

হুমকির খবরে ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

সিলেটটুডে ডেস্ক |  ২৩ আগস্ট, ২০২৬

ঢাকায় অবস্থিত চীন ও রাশিয়ার দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় রাজধানীর বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপপুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে এসব বার্তা কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এগুলো প্রতারণামূলক বা ভুয়া বার্তা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

আবু খায়ের বলেন, ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসগুলো নিয়ম অনুযায়ী বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ সদর দপ্তর এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়।

এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কূটনৈতিক এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, দূতাবাসগুলোর পক্ষ থেকে পুলিশকে সরাসরি কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিষয়টি জানার পর বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাই আরও জোরদার করা হয়েছে।

তবে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি বলেও জানান তিনি।

পুলিশ বলছে, হুমকির ই-মেইলকে ঘিরে বাড়তি সতর্কতা নেওয়া হলেও এখন পর্যন্ত গুরুতর কোনো নিরাপত্তাঝুঁকির তথ্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.