সিলেটটুডে ডেস্ক | ০২ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প।
গত ৩১ আগস্ট তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে পাঠানো এই চিঠিতে বোয়িং বিমানের এই চুক্তিকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, বোয়িং বিমান কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি তিনি পেয়েছেন এবং বিমান কেনার সিদ্ধান্তকে বিশেষভাবে মূল্যায়ন ও প্রশংসা করছেন।
ট্রাম্প তার চিঠিতে উল্লেখ করেন, "বোয়িং আপনাকে হতাশ করবে না, এবং বিষয়টি আমি ভুলব না।"
চিঠিতে বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়ায় ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তিনি নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

বাংলাদেশের জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা ও ভালোবাসা পাঠিয়ে চিঠিতে ট্রাম্প আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ অনেক কঠিন সময় পার করেছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং এর মানুষের জন্য একটি অতি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে বলেই তিনি নিশ্চিত ও আশাবাদী।
চিঠিটির শেষাংশে বাংলাদেশের জনগণকে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের চিঠির সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।