Sylhet Today 24 PRINT

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যোগদানের অপেক্ষায় থাকা ১৪ হাজার শিক্ষকের পদায়নের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, ১৪ হাজারের বেশি যে নিয়োগ হবে, তার জন্য সব বদলি এখন স্থগিত। ১৪ হাজারের পদায়ন হয়ে গেলে নতুন করে বদলি আবার চালু হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নিয়োগের বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা চলছে।

আগামী বছর অর্থাৎ ২০২৭ সাল থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

চলতি বছর ৯ জানুয়ারি দেশের ৬১টি জেলায় ১ হাজার ৪০৮টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২১ জানুয়ারি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর ফল প্রকাশ করা হয়। পরে মৌখিক পরীক্ষা শেষে ফেব্রুয়ারি মাসে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্ত সুপারিশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর ৪ অক্টোবর এ প্রার্থীদের পদায়ন দেওয়া হবে বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

আগে অনলাইনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলির প্রক্রিয়া আবেদন গ্রহণ ও নিষ্পত্তি হলেও গত ২১ জুন এ পদ্ধতি পরিবর্তন আনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই দিন মন্ত্রণালয়ের এক আদেশে শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির জন্য জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা বা থানা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.