Sylhet Today 24 PRINT

ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে আর বাড়ি ফেরা হলোনা তাদের

নিউজ ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

রাজধানী ঢাকার অদূরে আশুলিয়ায় এবং সিরাজগঞ্জের শাহজাদপুরে রোববার সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সড়ক দুর্ঘটনায় ২ স্কুলশিক্ষার্থীর লাশ হয়ে বাড়ি ফেরার মর্মান্তিক ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- আশুলিয়ায় আবু সুফিয়ানের ছেলে আবু সাঈদ (১০) ও শাহজাদপুরে আনসব আলী ঠান্ডু মিয়ার ছেলে জামাদুল ইসলাম (১৩)।

আশুলিয়া প্রতিনিধি জানান, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকালে ফুল দিয়ে ফেরার পথে বাসচাপায় নিহত হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র আবু সাঈদ।

সাঈদের বাবা  আবু সুফিয়ান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিল শিশু সাঈদ।

নবীনগর-চন্দ্রা মহাসড়ক পার হওয়ার সময় চন্দ্রাগামী  ইতিহাস পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাঈদ মারা যায়।

পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়কের প্রায় ৮-১০টি গাড়ি ভাংচুর এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কটিতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা  সাড়ে ১২টার দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করে।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে মারা যাওয়া খুবই মর্মান্তিক। বাসচালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এদিকে নিজের শিশু সন্তানকে হারিয়ে পাগলপ্রায় নিহতের পরিবার।সাঈদের বাবা একজন কাঠমিস্ত্রি।তিনি নীলফামারী জেলার ডিমলা থানার সুজিবাড়ীর বাসিন্দা।

শাহজাদপুর প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের শাহজাদপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে লাশ হয়ে বাড়ি ফিরল জামাদুল ইসলাম (১৩)।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কের তালগাছির কবরস্থানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জামাদুল উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নেধুর পাড়া গ্রামের আনসব আলী ঠান্ডু মিয়ার ছেলে বলে জানা গেছে। সে তালগাছি এসএ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ি থেকে সকালে জামাদুল স্কুলের অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে ফুল দিতে যায়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রভাতফেরীর র‌্যালিতে অংশ নিতে অপেক্ষা করে সে।

র‌্যালিটি দেরিতে শুরু হওয়ায় জামাদুল তার এক বন্ধুকে নিয়ে সাইকেলে স্কুলের পাশে মহাসড়কে বেড়াতে যায়। এ সময় উল্লাপাড়াগামী একটি খালি নছিমন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জামাদুল নিহত হয়।

এ ঘটনায় উপস্থিত শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। ভাষা দিবসের সব অনুষ্ঠান বাতিল করা হয়।

শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নছিমনটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.