Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে দুই জনের কারাদণ্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২৬

​মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহায়তা করে।

​প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর যেন আগে থেকেই অপরাধীরা টের না পায়, সে জন্য সিএনজিযোগে একটি পৃথক টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারির জন্য পাঠানো হয়েছিল। অভিযানের একপর্যায়ে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—দক্ষিণ সাইটুলা এলাকার বলরাম কুর্মীর ছেলে সিপেন কুর্মী (২৮) এবং একই এলাকার কুশল কুর্মীর ছেলে বিশ্বনাথ কুর্মী (২৬)।

​আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

​প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।

এরআগে মঙ্গলবার সকালে আশীদ্রোন ইউনিয়নের বিলাসছড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট এলাকা গুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসনের এ কার্যক্রমে শ্রীমঙ্গলের সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.