সিলেটটুডে ডেস্ক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় নেতা মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসি নিউজ বাংলার।
তিনি জানান, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকেই মেঘমল্লার বসুর শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল, যে কারণে চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছিলেন। সবশেষ বুধবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
পরিচালক মো. আসাদুজ্জামান বলেন, ‘অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। কাল রাত থেকে তার শ্বাসকষ্ট বেড়েছে। যে কারণে তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি, আশা করি খারাপ কিছু হবে না।’
এর আগে গত সোমবার রাতে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার পাকস্থলি ওয়াশ করা হয়।