Sylhet Today 24 PRINT

ছেলের সাথে আর দেখা হলো না, মারা গেলেন চিন্ময়ের মা

সিলেটটুডে ডেস্ক |  ১০ সেপ্টেম্বর, ২০২৬

অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি (প্যারোল) দেওয়ার আবেদন করেছিল তার পরিবার। তবে অসুস্থ স্বজনকে দেখতে প্যারোলে মুক্তির কোনো বিধান নেই বলে পরিবারকে জানিয়েছে প্রশাসন। শুধু স্বজন মারা গেলে প্যারোলে মুক্তির সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

অবশেষে কারাগার থেকে প্যারেলে মুক্তি পাচ্ছেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তার আগেই চলে গেছেন তার মা সন্ধ্যা রাণী ধরের। ছেলেকে দেখার তৃষ্ণা নিয়েই মারা গেছেন তিনি। মায়ের মরদেহ দেখতে ৫ ঘন্টার জন্য মুক্তি পাচ্ছেন চিন্ময়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম আশ্রমে শেষ নিশ্বাস ত্যাগ করেন সন্ধ্যা রাণী ধর। মৃত্যুর আগে গত মঙ্গলবার নিজেই এই আশ্রমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। চিন্ময় কৃষ্ণ দাসও দীর্ঘদিন এই আশ্রমে থাকতেন।

এর আগে অসুস্থ হয়ে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্বাস্থ্য পরীক্ষায় তার ক্যানসার শনাক্ত হয়। তবে হাসপাতালে থাকতে চাইছিলেন না সন্ধ্যা রাণী ধর। ছেলের আশ্রমেই জীবনের শেষ সময় কাটানোর ইচ্ছা ছিল তার।

মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চিন্ময় কৃষ্ণ দাসের ভাই অঞ্জন কুমার ধর কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মা নেই। জীবিত থাকা অবস্থায় আমার ভাই নিজের মাকে একটু দেখতেও পারল না।’

তবে মায়ের শেষযাত্রায় অংশ নিতে পারবেন চিন্ময়। শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

ওই আদেশে বলা হয়েছে, কোতোয়ালি থানার মামলা নং-৫২(১০)২৪’র হাজতি আসামি চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাসের মা বৃহস্পতিবার মারা যান। তার পারলৌকিক কার্যক্রম (সৎকার) বৃহস্পতিবার বেলা ৩টায় হাটহাজারীর মেখল এলাকার শ্রীশ্রী পুণ্ডরীক ধামে অনুষ্ঠিত হবে।

মায়ের সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য চিন্ময়ের পক্ষে তার ভাই রঞ্জন কুমার ধর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্ময়কে মুক্তির সময় থেকে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন মঞ্জুর করা হয়।

আদেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০১৬ সালের সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চট্টগ্রামের প্রবর্তক শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির অন্যতম শীর্ষ কর্মকর্তা ও বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, চিন্ময়ের প্যারোলে মুক্তির আদেশ নিশ্চিত হয়েছে। আদেশের কপি চট্টগ্রাম জেলা কারাগারে পৌঁছানোর পর তাকে পাঁচ ঘণ্টার জন্য মুক্তি দেওয়া হবে।

তিনি জানান, চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধরের মরদেহ বর্তমানে হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধাম মন্দিরে রাখা হয়েছে। সেখানে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

চট্টগ্রাম কারাগার সূত্র জানিয়েছে, প্যারোলে মুক্তির পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে সরাসরি হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডরীক ধামে নেওয়া হবে। মায়ের মরদেহও রাখা হয়েছে এই ধামেই। মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার পর নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরতে হবে।

পরিবার সূত্রে জানা গেছে, ছেলে দীর্ঘদিন কারাগারে থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সন্ধ্যা রাণী ধর। ছেলের অসুস্থতার খবর, বারবার জামিন না হওয়া এবং কারাগার থেকে মুক্তি না পাওয়ায় তিনি গভীর দুশ্চিন্তায় ছিলেন। সর্বশেষ ছেলের জামিন শুনানিকে ঘিরে আশাবাদী হলেও জামিন না হওয়ায় তার উদ্বেগ আরও বেড়ে যায়।

এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, দীর্ঘদিনের মানসিক চাপের মধ্যে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার হৃদ্‌যন্ত্রেও জটিলতা দেখা দেয়। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসা চলছিল।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বর্তমানে কারাগারে রয়েছেন। অসুস্থ মাকে দেখতে তাকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয় বলে পরিবার সূত্রে জানা গেছে।

পরিবারের দাবি, চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পর থেকেই ছেলের জন্য গভীর উদ্বেগে ছিলেন তার মা। এর আগেও ছেলের অসুস্থতার খবর শুনে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। সর্বশেষ ছেলের জামিন না হওয়ায় মানসিকভাবে আরও ভেঙে পড়েন তিনি। শেষ পর্যন্ত ছেলেকে একনজর দেখার আকাঙ্ক্ষা অপূর্ণ রেখেই চলে গেলেন সন্ধ্যা রাণী ধর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.