Sylhet Today 24 PRINT

শরিয়ার দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

বৃদ্ধ বাবা-মায়ের সম্পত্তি ভোগের অধিকার নিশ্চিত করতে পাস করা সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা করায় বিরোধী দলের নেতাদের সমালোচনা করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শরিয়া আইনের দোহাই দিয়ে এই বিলের বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

চিফ হুইপ বলেন, ‘বিলটিতে শরিয়া আইন চালু করা হবে—এমন কোনও কথা নেই। একইসঙ্গে তার প্রশ্ন, শরিয়ার দোহাই দেওয়া হলে প্রচলিত অন্য আইনগুলোও কি শরিয়া আইন অনুযায়ী হতে হবে? সন্তানরা বাবা-মায়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে পরে তাদের ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামিয়ে দেবে—এটা হতে পারে না।’

শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, গত ৬ সেপ্টেম্বর দাতার জীবনকাল পর্যন্ত সম্পত্তির ভোগস্বত্ব সংরক্ষণ করে সন্তান, নাতি-নাতনি বা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি হস্তান্তরের সুযোগ রেখে ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। তবে বিলটি শরিয়া ও মুসলিম উত্তরাধিকার আইনের সাংঘর্ষিক কি না, তা যাচাইয়ে ইসলামী আইন ও শরিয়া বিশেষজ্ঞদের মতামত নেওয়ার দাবি জানিয়েছেন কমিটির বিরোধীদলীয় সদস্যরা।

সংবাদ সম্মেলনে সম্পত্তি হস্তান্তর বিল প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘বাবা-মা বৃদ্ধ বয়সে তাদের সম্পদ সন্তানকে দান বা হস্তান্তর করার পর অনেক সময় সন্তানরা তাদের দেখাশোনা করে না। এমনকি বাবা-মাকে ভিক্ষা করতে হয়, কিংবা বৃদ্ধাশ্রমে থাকতে হয়। এই পরিস্থিতি থেকে তাদের সুরক্ষা দিতেই আইনটি করা হয়েছে।’

তিনি বলেন, ‘শরিয়া আইনের দোহাই দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, শরিয়া আইন চালু হবে, এ রকম কোনও কথা উনাদের লেখায় নেই। আপনারা যদি পাঠ করেন, তাহলে নিশ্চয় দেখবেন।’

চিফ হুইপ বলেন, ‘শরিয়া আইন চালু করবে না, অথচ সেই শরিয়া আইনের দোহাই দিয়ে কিন্তু বিলটার বিরোধিতা করছে।’

এর ব্যাখ্যায় তিনি প্রচলিত আইন নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘দেশে ফৌজদারি আইনসহ বিভিন্ন আইন প্রচলিত রয়েছে, যেগুলো শরিয়া আইন নয়। ফলে একটি নির্দিষ্ট আইনের ক্ষেত্রে শরিয়াহ দোহাই দিয়ে আপত্তি জানালে প্রচলিত অন্য আইন নিয়েও একই প্রশ্ন তোলা যায়।’

বাবা-মায়ের অধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে চিফ হুইপ বলেন, ‘সন্তানরা বাবা-মায়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে তাদের ভিক্ষার ঝুলি নিয়ে রাস্তায় নামিয়ে দেবে—এটা হতে পারে না। বৃদ্ধ বাবা-মায়ের শেষ জীবনের নিরাপত্তা ও সম্পত্তি ভোগের অধিকার নিশ্চিত করতেই আইনটি করা হয়েছে।’

তিনি বলেন, ‘মা-বাবাকে সম্মান করা এবং তাদের বেঁচে থাকার অবলম্বন হিসেবে নিজেদের সম্পত্তি জীবদ্দশায় ভোগের অধিকার দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ এ ধরনের সুরক্ষা দেওয়ার আইন আগে ছিল না বলেও দাবি করেন তিনি।

ধর্মীয় দলগুলোর আপত্তির বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘জুলাই সনদ নিয়ে আলোচনায় ৩৩টি দল অংশ নিয়েছে। কোনও একটি দল বা ব্যক্তি ইসলামি দলের পরিচয়ে বক্তব্য দিলেই সেটিকে সব ইসলামি দলের বক্তব্য হিসেবে বিবেচনা করা যায় না।’ এ সময় প্রচলিত আইন ও বিবাহসংক্রান্ত আইন নিয়েও একই ধরনের প্রশ্ন তোলেন তিনি।

তৃতীয় অধিবেশনের কার্যক্রম তুলে ধরে চিফ হুইপ জানান, ৯ কার্যদিবসের এই অধিবেশনে ছয়টি বিল উত্থাপিত ও ছয়টি বিল পাস হয়েছে। কার্যপ্রণালি-বিধির ৬৮ বিধিতে দুটি নোটিশের ওপর আলোচনা হয়েছে। ৭১ বিধিতে ১৪টি নোটিশের ওপর আলোচনা হয়েছে। একই বিধির আরেক পর্যায়ে প্রায় ১২৪টি নোটিশের ওপর আলোচনা হয়েছে। ১৪৭ বিধিতে একটি এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী ১৫টি প্রশ্নের উত্তর সরাসরি দিয়েছেন এবং অধিবেশনে মোট ১ হাজার ৬৭৮টি প্রশ্নোত্তর হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.