Sylhet Today 24 PRINT

একদিনে হাম উপসর্গে ৩ শিশু ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ১১ সেপ্টেম্বর, ২০২৬

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (১১ সেপ্টেম্বর) পৃথক দুটি নিয়মিত প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গে মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন ঢাকা বিভাগের। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ১২ জনে। তাদের মধ্যে হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ১০০ জন এবং উপসর্গে ৯১২ জনের প্রাণ গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১,১১১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৩৪ জনের শরীরে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং বাকি ১,০৭৭ জন উপসর্গধারী। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৬৯,৮২২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব পরীক্ষায় ১৯,৯৬৭ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এদিকে দেশে ডেঙ্গু পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এর মাধ্যমে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে।

একই সময়ে নতুন করে ৭৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে (২৪৯ জন)। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৬, ময়মনসিংহ বিভাগে ৭৩, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১, খুলনা বিভাগে ৬০, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৩৩ এবং বরিশাল বিভাগে ১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.