Sylhet Today 24 PRINT

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিলেন ‘ককাস অব আমেরিকার’ সদস্য এমপিরা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই অনুষ্ঠানে তারা অংশ নেন।

এতে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান লিটন, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সানজিদা ইসলাম তুলি, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) ও মারদিয়া মমতাজ এবং এনসিপির আখতার হোসেন।

সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী লেখেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের বাসভবনে আমেরিকান ককাসের সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ এক মতবিনিময় হলো। সুন্দর এই আয়োজনের জন্য তাকে এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ। এমন সুযোগ পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়াকে আরো দৃঢ় করে।’

সানজিদা ইসলাম তুলি লেখেন, ‘এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময় পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও বোঝাপড়াকে আরো গভীর ও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আজ সোমবার আমেরিকা দূতাবাসের ভেরিফায়েড পেইজে দুইটা ছবি শেয়ার করে লেখা হয়েছে, “দূরদর্শী আইন প্রণয়নই বাংলাদেশকে ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়ার চাবিকাঠি। ফলপ্রসূ আলোচনার জন্য বহুদলীয় আমেরিকান ককাসকে ধন্যবাদ। সামনে আরও আলোচনার অপেক্ষায় রইলাম - রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন”।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.