সিলেটটুডে ডেস্ক | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর ফার্মগেইট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শুক্রবার বিকালে আটক করার পর তাদের তেজগাঁও থানা হেফাজতে রাখা হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, “কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়েছে। আমরা সন্দেহ করছি তারা জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।”
ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, 'তেজগাঁও মসজিদ থেকে গোপন বৈঠক চলাকালে জঙ্গি সন্দেহে ২৩ জনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।'
তেজগাঁও থানা সরেজমিনে দেখা যায়, থানার একটি রুমে আটককৃতদের রাখা হয়েছে। তাদের পড়নে পাঞ্জাবি ও টুপি রয়েছে। ঘটনাস্থলে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান আসছেন।
আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'ইফতেহাদুল আল ইসলাম'-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।