Sylhet Today 24 PRINT

তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শো-কজ

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ।

রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা নোটিশে সাজ্জাদ হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এর আগে রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন সাজ্জাদ হোসেন। সেখানে তিনি লেখেন, 'ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।'

পোস্টের পরই তাকে শো-কজের নোটিশ দেওয়া হয়। তবে নোটিশে ফেসবুক পোস্টটির সরাসরি উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে 'সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের' অভিযোগ উঠেছে।

নোটিশে বলা হয়, 'আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না', এ বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। একইসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে এই ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশে এ নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, 'আমাকে শো-কজ করা হয়েছে। আমি যথাস্থানে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদান করব।'

তবে ফেসবুক পোস্টের জন্য নাকি অন্য কোনো কারণে শোকজ করা হয়েছে, সেটি নিশ্চিত নয়, বলছেন চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.