Sylhet Today 24 PRINT

সে নিজে নিজে আত্মহত্যা করেছে: গাজী নজরুল

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামীর টিকেটে এমপি হওয়া গাজী নজরুল ইসলাম।

সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে নিজে নিজে আত্মহত্যা করেছে।”

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এদিন গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে একদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

রোববার সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশের ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে নজরুল ও মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে দুই আসামিকে আদালতে নেওয়া হয়।

পাঁচটি কারণ দেখিয়ে দুইজনকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার।

বেলা সোয়া ৩টার দিকে শুনানি শুরু হয়। তদন্ত কর্মকর্তা এসআই মো. শামসুজ্জোহা রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিনের আর্জি জানান।

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত নজরুল ইসলামকে চার দিন এবং মাকছুদাকে একদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন।

বিচারক এজলাস ত্যাগ করার পর উপস্থিত সাংবাদিকরা কাঠগড়ায় দাঁড়ানো নজরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, তিনি তখন বাসায় ছিলেন না।

মরিয়ম কেন আত্মহত্যা করেছেন জানতে চাইলে নজরুল বলেন, "এ বিষয়ে আমি জানি না।"

কাঠগড়ায় যেমন ছিলেন নজরুল-মাকছুদা দম্পতি

এজলাসে তোলার সময় নজরুল ও মাকছুদার হাতে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর সেসব খুলে দেয়া হয়।

কাঠগড়ায় পাশাপাশি দাঁড়িয়ে শুনানি শুনছিলেন তারা। এক পর্যায়ে দুই হাতের উপর মাথা রাখেন মাকছুদা বেগম। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে একটু পেছনের দিকে সরে যান।

তখন নজরুল স্ত্রীর কাছে জানতে চান, খারাপ লাগছে কি না। মাকছুদা বলেন, ‘না’। মাকছুদার হিজাব কিছুটা মাথার উপরে উঠে গেলে নজরুল তাকে হিজাব নিচে নামাতে বলেন। পরে হিজাব ঠিক করেন মাকছুদা।

শুনানিতে মাকছুদাকে কিছুটা উদ্বিগ্ন দেখা যায়। তবে নজরুল ছিলেন অনেকটাই স্বাভাবিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.