সিলেটটুডে ডেস্ক | ২২ সেপ্টেম্বর, ২০২৬
প্রতীকী ছবি
সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বৃদ্ধির পর বেড়ে গেল বাসের ভাড়াও। প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। সড়ক পরিবহন মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এই সিদ্ধান্তের পর এখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হলো। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে দাঁড়ালো ২ টাকা ৭০ পয়সা।
জ্বালানি তেলের দাম বাড়ার পর গতকাল বাস মালিক সমিতির সঙ্গে বৈঠক করেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠক থেকে মহানগর এলাকার বাসে ভাড়া প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দূরপাল্লার বাসে ২০ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। তবে আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বৈঠকে ভাড়া বৃদ্ধির হার কমিয়ে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা নির্ধারণের সিদ্ধান্ত হয়।
মন্ত্রণালয়ের বৈঠকের পর প্রজ্ঞাপনে নতুন ভাড়ার হার ও কোন কোন শ্রেণির বাসে তা কীভাবে প্রযোজ্য হবে, তা স্পষ্ট করা হবে বলে বৈঠক সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, মন্ত্রণালয়ের বৈঠকে যাত্রীদের ওপর বাড়তি চাপ বিবেচনায় নিয়ে বিআরটিএর প্রস্তাবিত হার থেকে ভাড়া বৃদ্ধির পরিমাণ কমানো হয়েছে।
গত রোববার সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা করা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।
বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ২০ টাকা বাড়ায় পরিচালন ব্যয় বৃদ্ধির কথা তুলে ধরে বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিকপক্ষ। এর পরিপ্রেক্ষিতেই বিআরটিএ ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেয়।
এর আগে চলতি বছরের এপ্রিলে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পর বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়।
এবার নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পাঁচ মাসের ব্যবধানে আবারও বাড়ছে বাসভাড়া।