Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে জুবাইদা রহমান

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে এ সাক্ষাৎ হয়।

হোয়াইট হাউসের আয়োজনে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো শিশুদের জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও এ উদ্যোগে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও অংশ নিয়েছিলেন তিনি। ওই সম্মেলনেও তিনি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যোগ দেন।

মেলানিয়া ট্রাম্প মঙ্গলবার নিউইয়র্কের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে ৫৭টি দেশের প্রতিনিধিদের পাশাপাশি প্রযুক্তি খাতের নেতৃবৃন্দকে নিয়ে তার ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের নতুন পর্যায়ের কার্যক্রম তুলে ধরেছেন। শিশুদের শিক্ষা, প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা ও অনলাইন নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে অনুষ্ঠানে নতুন বেসরকারি খাতের অংশীদারিত্ব এবং ২০২৬ সালের আন্তর্জাতিক কর্মসূচির পরিকল্পনা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বক্তব্যে মেলানিয়া ট্রাম্প শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রযুক্তির বিকাশ যেন শিশুদের দীর্ঘমেয়াদি কল্যাণে কাজে আসে, সে বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, “সত্যিকারের ক্ষমতায়ন শুরু হয় একটি শিশুকে এই আত্মবিশ্বাস দেওয়ার মাধ্যমে যে তার চিন্তার মূল্য রয়েছে।” তিনি আরও বলেন, শিশুদের এমন স্বাধীনতা দিতে হবে, যাতে তারা নিজেদের পরিচিত জগতের বাইরেও একটি ভবিষ্যৎ কল্পনা করতে পারে।

মেলানিয়া বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে শিশুদের প্রস্তুত করতে শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। নতুন অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষাপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ আরও বিস্তৃত করার বিষয়েও তিনি গুরুত্ব দেন।

‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের চারটি প্রধান ক্ষেত্র হলো—শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), শিক্ষাপ্রযুক্তি (EdTech), অনলাইন সুরক্ষা এবং ডিজিটাল দক্ষতা। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী দেশের ফার্স্ট স্পাউস ও সমপর্যায়ের নেতারা নিজ নিজ সরকারের সঙ্গে কাজ করে শিশু, শিক্ষক ও অভিভাবকদের সহায়তায় প্রযুক্তির ব্যবহার এবং অনলাইন ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষার উপায় নিয়ে কাজ করছেন।

মেলানিয়া ট্রাম্প এ সময় বিশ্বের বিভিন্ন স্থানে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এর ধারাবাহিক আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, উদ্যোগটির প্রথম G20 সম্মেলন ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠিত হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে মেলানিয়া অংশগ্রহণকারী নেতাদের আলোচনাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইতিহাস যেন মনে রাখে—অসাধারণ সম্ভাবনার এক সময়ে বিশ্বের নেতারা একত্রিত হয়ে শিশুদের অগ্রাধিকার দিয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.