নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীসহ সারাদেশে অব্যাহত রয়েছে ডেঙ্গু ও হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলায় একজন করে মারা গেছেন।
এ সময়ে নতুন করে ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২০১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে হামের সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন।
অন্যদিকে, গত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি ২৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ সময়ে বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ১০২ জন।
এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ডেঙ্গুতে ৩৭ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।