সিলেটটুডে ডেস্ক | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) একই সঙ্গে লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে শাহ আলী থানার ওসি (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) জাহাঙ্গীর আলমকে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে (ক্লোজড) সংযুক্ত করা হয়। আদেশে অবিলম্বে তা কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
একদিন আগেই ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, রাড্ডার ঘটনায় পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দল বা মতেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্ব ছিল বলেও উল্লেখ করেন কমিশনার। শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি ওই কথা জানান।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মুখোশধারী ২০০-২৫০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা সেখানকার নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ও জিম্মি করে প্রতিষ্ঠানটির একটি পাকা ভবন এবং তিনটি সেমিপাকা ভবন পুরোপুরি গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে ধ্বংসস্তূপের ওপর ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতারের অভিযোগ, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের গুরুত্বপূর্ণ রেজিস্টার, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং ৪৫ লাখ টাকা মূল্যের আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে যায়। এছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সামগ্রী, কম্পিউটার ও ল্যাপটপসহ বিপুল আসবাবপত্র লুট করা হয়। শুধু মালামাল ও যন্ত্রপাতির আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত দেড় কোটি টাকা।