Sylhet Today 24 PRINT

স্বাস্থ্যকেন্দ্রে হামলা বন্ধে সরকারকে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশনের চিঠি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা কেন্দ্রগুলোর ওপর চলমান হামলা ও ভাঙচুর বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন (ডব্লিউএমএ)। বিশ্বজুড়ে লাখ লাখ চিকিৎসকের প্রতিনিধিত্বকারী এ আন্তর্জাতিক সংস্থাটি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে পাঠানো এ চিঠিতে ডব্লিউএমএ-এর সভাপতি ড. জ্যাকলিন কিটুলু গভীর উদ্বেগ প্রকাশ করেন।

চিঠিতে ডব্লিউএমএ প্রধান উল্লেখ করেন, বাংলাদেশে চিকিৎসক ও চিকিৎসাকেন্দ্রগুলোর ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বিস্তৃত ও উদ্বেগজনক ধারায় পরিণত হয়েছে। দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের ওপর শারীরিক আক্রমণ ও হুমকি দেওয়া হচ্ছে এবং হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন চিকিৎসা অবকাঠামোতে ভাঙচুর চালানো হচ্ছে। বিশেষ করে কোনো রোগীর মৃত্যুর পর তার স্বজনদের মাধ্যমে এসব হামলার ঘটনা বেশি ঘটছে, যা গবেষণা ও সমীক্ষাতেও উঠে এসেছে।

চিঠিতে সংস্থাটি জানায়, এ ধরনের সহিংসতা কেবল চিকিৎসকদের শারীরিক বা মানসিক ক্ষতিই করে না, বরং সামগ্রিক স্বাস্থ্যসেবার গুণগত মান, ধারাবাহিকতা এবং সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তির সুযোগকে ব্যাহত করে। এটা স্বাস্থ্যব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করে এবং চাপে থাকা স্বাস্থ্যখাতকে ভঙ্গুর করে তোলে।

ডব্লিউএমএ-এর নীতিমালা ও বৈশ্বিক ঘোষণার প্রতি ইঙ্গিত করে চিঠিতে বলা হয়, রোগী, চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছে ডব্লিউএমএ। তন্মধ্যে রয়েছে- চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাকেন্দ্রগুলোর সুরক্ষায় অবিলম্বে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা; চিকিৎসা কেন্দ্রে হামলার প্রতিটি ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা; হাসপাতালে সহিংসতা প্রতিরোধ, ঘটনার রিপোর্ট প্রকাশ ও নিয়মিত নজরদারি ব্যবস্থা জোরদার করা; স্বাস্থ্য খাতের অভ্যন্তরীণ অবকাঠামোগত ও পদ্ধতিগত সংকটসহ সহিংসতার মূল কারণগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধান করা।

অংশীজনদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানায় ডব্লিউএমএ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.