Sylhet Today 24 PRINT

জঙ্গি অর্থায়ন : ব্যারিস্টার শাকিলার জামিন

সিলেটটুডে ডেস্ক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

জঙ্গি সংগঠন 'হামজা ব্রিগেড'কে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে আনা দুই মামলায় জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ সোমবার (২২ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও জেড আই খান পান্না।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত এর্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

দুই মামলায় জামিন হওয়ায় ও অন্য মামলা না থাকায় ব্যারিস্টার শাকিলার মুক্তিতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী জেড আই খান পান্না।   

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনায় এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ অগাস্ট রাতে ধানমন্ডি থেকে দুই আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলাকে গ্রেপ্তার করে র‌্যাব।

এর মধ্যে লিটন সুপ্রিম কোর্টে ও মাহফুজ চৌধুরী বাপন ঢাকা জজ কোর্টে কর্মরত।

পরে বাঁশখালী ও হাটহাজারী থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আইনজীবী সগীর হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর বিচারিক আদালতে শাকিলার জামিন নামঞ্জুর হয়। ১২ জানুয়ারি হাই কোর্টে জামিন আবেদন করা হলে পরদিন প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল দেয়।”

দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয় রুলে। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের এর জবাব দিতে বলা হয়।

ওই রুলের ওপর ১৮ ফেব্রুয়ারি শুনানি শেষে আদালত ২২ ফেব্রুয়ারি আদেশের দিন রাখে। এর ধারাবাহিকতায় সোমবার আদেশ দেয় আদালত।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানার মামলায় আইনজীবী লিটন ও বাপন গত ১৪ ডিসেম্বর জামিন পান।

এর আগে বাঁশখালী থানার মামলায় জামিন পান ওই দুই আইনজীবী। পরে গত ১৫ ডিসেম্বর তারা মুক্তি পান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.