সিলেটটুডে ডেস্ক | ০৪ অক্টোবর, ২০২৬
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের ১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। একই হারে সাড়ে ৫ থেকে ৪৫ কেজি সিলিন্ডারের দামও বেড়েছে।
অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৭৩.০৯ টাকা থেকে বাড়িয়ে ৮৪.৬২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। যদিও এর সরবরাহ এতই কম যে তা সাধারণ মানুষের নাগালে পৌঁছায় না।
রবিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দর ঘোষণা করেছে।
বিইআরসি জানিয়েছে, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির কারণেই দেশেও দাম বাড়ানো হলো। নতুন দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এলপিজির দাম বেড়েছিল। এরপর যুদ্ধবিরতি শুরু হলে বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে। কয়েক মাস ধরে দাম ওঠা-নামার মধ্যে আছে।
আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে মিল রেখে প্রতি মাসে এলপিজির মূল্য নির্ধারণ করছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল প্রথমবার যখন এই মূল্য নির্ধারণ করা হয় তখন সিলিন্ডারপ্রতি দাম ছিল ৯৭৫ টাকা। এই সময়ে কখনো দাম বেড়েছে, কখনো কমেছে আবার অপরিবর্তিত থেকেছে। তবে দাম বাড়ার সংখ্যাই বেশি।
চলতি বছরের জানুয়ারিতে ১২ কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২৫৩ টাকা। ফেব্রুয়ারিতে বেড়ে হয় ১ হাজার ৩৫৬ টাকা, ভ্যাট কমানোয় ১৫ টাকা কমে দাঁড়ায় ১ হাজার ৩৪১ টাকা, মার্চে কোনো পরিবর্তন হয়নি, তারপর এপ্রিলে দুই দফায় মোট ৫৯৯ টাকা বাড়ে, প্রথমে ৩৮৭ ও পরে ২১২ টাকা, আর তাতেই সিলিন্ডারের দাম ওঠে ১ হাজার ৯৪০ টাকায়।
এরপর কিছুটা স্বস্তি আসে, জুনে ৫৫ টাকা ও জুলাইয়ে ৩৫৭ টাকা কমানো হয়, আগস্টে আবার ৭০ টাকা বাড়িয়ে দাম করা হয় ১ হাজার ৫৯৮ টাকা এবং সর্বশেষ সেপ্টেম্বরে ১৩ টাকা কমিয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারিত হয়েছে ১ হাজার ৫৮৫ টাকা।
একই সঙ্গে অন্যান্য ওজনের এলপিজি এবং অটোগ্যাসের দাম আনুপাতিকহারে সমন্বয় করা হয়েছে।