Sylhet Today 24 PRINT

সোয়াইন ফ্লু: ৬৪ জেলা হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ

নিউজ ডেস্ক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

ভারতের সোয়াইন ফ্লু বিস্তারের কারণে বাংলাদেশে যাতে এর সংক্রমণ না ঘটে এজন্য বক্ষব্যাধি হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার(১৮ ফেব্রুয়ারি’২০১৫) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি সভায় মন্ত্রী এ নির্দেশ দেন।

সম্প্রতি ভারতে সোয়াইন ফ্লু বিস্তারে প্রাণহানির ঘটনা ঘটছে।বাংলাদেশে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 

যদি কোনো ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন তবে সাথে সাথে তাঁকে ঐ ইউনিটে প্রেরণ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ মজুদ করার জন্য নির্দেশ দেন। 

ঢাকা বিমান বন্দরসহ বিভিন্ন বন্দরে স্থাপিত সাতটি থার্মাল স্ক্যানারগুলোকে বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আগত যাত্রীদের জ্বর পরীক্ষার কাজে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়ে বলেন, সব বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কর্তব্যরত মেডিকেল টিমগুলোকে সতর্ক থেকে এই সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। 

সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশ সব সময় সফল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সম্প্রতি আফ্রিকার ইবোলা ভাইরাস সংক্রমণ এর মতো ভয়াবহ পরিস্থিতিতেও দেশে যে প্রতিরোধমূলক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাও সফলভাবে কার্যকর হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোঃ নুরুল হক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক এবং মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.