Sylhet Today 24 PRINT

হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে আরও ১৬ জনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০২৬

প্রতীকী ছবি

দেশে হামের উপসর্গ ও ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হাম উপসর্গে মৃত্যু হয়েছে ৬ শিশু এবং ডেঙ্গুতে মারা গেছেন ১০ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ অক্টোবর সকাল ৮টা থেকে ৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।

জেলা হিসেবে ঢাকায় একজন, চট্টগ্রামে দুজন, নোয়াখালীতে একজন, বরিশালে একজন এবং কুষ্টিয়ায় একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯১ জন। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১০২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামের রোগীর সংখ্যা ২২ হাজার ৯১০ জন।

এই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২ জন। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৭৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ২২০ জন রোগী।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বার্তায় জানানো হয়েছে, দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং এক হাজার ৯৯৬ জনের হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি অক্টোবর মাসের ৬ দিনে প্রাণ গেল ৩৬ জনের।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২৯৪ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৮৭ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৪৮০ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬, রাজশাহী ১৯৯, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৪ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর ৯০ হাজার ৩৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৪ হাজার ২৯৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

বুলেটিন অনুসারে, চলতি বছর সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ রোগী ভর্তি ৪৩ হাজার ৭৭৪ জন এবং ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.