নিজস্ব প্রতিবেদক | ১০ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহীত
হাম উপসর্গ ও ডেঙ্গুতে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তন্মধ্যে হাম উপসর্গে ৮ শিশু এবং ডেঙ্গুতে রয়েছেন ৪ জন।
শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৫৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ তিন হাজার ৮৪৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৩১ জন, গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২২ হাজার ৩২৮ জন।
গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৮০ হাজার ৯৪৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭৩ হাজার ৪৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৬৩১ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট মারা যাওয়া ২৯৯ জনের মধ্যে নারীর সংখ্যা ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের সংখ্যা ৪৮ দশমিক ১ শতাংশ।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু হয়নি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।
এরপর পরিস্থিতির অবনতি ঘটে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের প্রাণহানি হয়। সেপ্টেম্বরে ডেঙ্গুতে মারা যান ১৪৮ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু। আর অক্টোবরের প্রথম ১০ দিনে প্রাণ হারিয়েছেন ৫৪ জন। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় গত ৬ অক্টোবর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৮০ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় মারা গেছেন ১৭ জন।
এছাড়া খুলনা বিভাগে ৬১ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ২৬ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের অক্টোবরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৪৬২ জন। এর আগে সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।
মাসভিত্তিক হিসাব অনুযায়ী, জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সব মিলিয়ে চলতি বছরের ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ হাজার ৮২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন।