Sylhet Today 24 PRINT

এবার মেডিকেলের লাইব্রেরিতে প্রধানমন্ত্রীর লেখা ও তার বাবা-মার জীবনী নিয়ে লেখা তিন বই রাখার নির্দেশনা

সিলেটটুডে ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের লাইব্রেরিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা একটিসহ মোট ৩টি বই রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দুইটি বই লিখেছেন মাহফুজ উল্লাহ; অপর বই প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা। এর প্রকাশক ‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’। বইগুলোর সম্মিলিত মূল্য ৪ হাজার ৭০০ টাকা।

গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগ অধীনস্ত সব দপ্তরের প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে একটি নির্দেশনা জারি করে। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর ইতোমধ্যে তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা পালনের তাগিদ দিয়েছে। খবর দ্য ডেইলি স্টারের।

‘জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা’র পক্ষে গত ২৩ আগস্ট স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিতের কাছে জমা দেওয়া একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নথির সূত্র উল্লেখ করে দ্য ডেইলি স্টার প্রতিবেদনে জানায়, ওই আবেদনে নিজ সই, তারিখ ও সিলমোহরসহ 'জোর সুপারিশ করা হলো' লিখে অনুমোদন দেন প্রতিমন্ত্রী মুহিত।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার যোগাযোগ করেছিল প্রতিমন্ত্রী মুহিতের সঙ্গে, কিন্তু তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে এই তিনটি বই সংরক্ষণ করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছিল। এরপর সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হলে গত ৬ জুলাই সিদ্ধান্তটি বাতিল করে মন্ত্রণালয়। প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য জারি করা একই ধরনের একটি আদেশ বাতিল করার ৩ মাসের মাথায় মেডিকেলের জন্য নতুন করে এ নির্দেশের কথা জানা গেল।

প্রতিমন্ত্রী মুহিতকে লেখা ২৩ আগস্টের চিঠিতে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থার জহির দীপ্তি বই ৩টিকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করে সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরিতে কিনে সংরক্ষণের অনুরোধ জানান। চিঠিতে বলা হয়, আমরা বিশ্বাস করি বইগুলো চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, স্বাস্থ্যসেবা প্রার্থী ও সচেতন নাগরিকদের জন্য সময়োপযোগী দলিল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেই আবেদনের বরাত দিয়ে স্বাস্থ্যসেবা বিভাগ তাদের অধীনে থাকা সব দপ্তর প্রধানকে নির্দেশ দেন যেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের লাইব্রেরির জন্য বইগুলো কিনে সংরক্ষণ করা হয়।

রাজনৈতিক নেতাদের নিয়ে লেখা বই কেনার এমন সরকারি উদ্যোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও দেখা গেছে। ২০১৯ সালের আগস্টে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের জন্য শিশু একাডেমি প্রকাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ২৭টি বই কেনার নির্দেশ দিয়েছিল। এর আগে ২০১৪ সালেও বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে এক আমলার লেখা ৩টি বই সংগ্রহের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল মাউশি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.