নিজস্ব প্রতিবেদক | ১৭ অক্টোবর, ২০২৬
তরুণ সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদন তৈরিতে দক্ষতা বৃদ্ধি এবং অভিজ্ঞ সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে দিনব্যাপী বিশেষ কর্মশালার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
‘মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতা কর্মশালা’ শীর্ষক এই কর্মসূচিতে প্রধানত মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদন তৈরিতে দক্ষতা বাড়ানো এবং বজলুর রহমান স্মৃতিপদকপ্রাপ্ত সাংবাদিকদের অভিজ্ঞতা শেয়ার করা হবে।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিশিষ্ট সাংবাদিক ও গবেষকগণ কর্মশালাটি পরিচালনা করবেন। আগামী ২৮ অক্টোবর (বুধবার) সকাল ৯:৩০টা থেকে বিকেল ৬:০০টা পর্যন্ত মুক্তিযুদ্ধ জাদুঘরের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হবে।
২৫ থেকে ৩৫ বছর বয়সী আগ্রহী তরুণ সাংবাদিকগণ আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২২ অক্টোবর।
গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ছবি, এনআইডি কপি, ফেসবুক লিংক, সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনুমোদনপত্র যুক্ত করতে হবে।
কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র প্রদান করা হবে। আসন সংখ্যা সীমিত থাকায় দ্রুত আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।