Sylhet Today 24 PRINT

ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ১৮ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাত ১১টার দিকে এসআরবি ও পুলিশের যৌথ অভিযানে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, আমিনীকে এসআরবি-৬ এর সাতক্ষীরা কার্যালয়ে রাখা হয়েছে। আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

গত মঙ্গলবার দেবহাটায় দুই দফা হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয় উপজেলার বড় শান্তা গ্রামের ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৫)। এ ঘটনায় তার বড় ভাই আবদুল জলিল বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে স্থানীয় 'তৌহিদী জনতার' নেতা ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়। এর আগে শুক্রবার ভোরে এ মামলায় এজাহারভুক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন মোক্তার হোসেন খান (৫৩) ও আসাদুল ইসলাম মোল্লা (৪৬)।

নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে দুই দফা শামীমের ওপর হামলা চালানো হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.