Sylhet Today 24 PRINT

পুলিশের অতিরিক্ত ডিআইজির বাসা থেকে বিপুল মাদক উদ্ধার, নারীসহ আটক ৮৪

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২৬

রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দ(ডিবি) পুলিশ। গত সোমবার রাতে এই অভিযান চালানো হয়।

অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এসময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এজন্য সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তিনি সেখানে থাকেন না।

এদিকে, এ ঘটনার পর পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে ওএসডি করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি–১ এ পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড ম্যান্টেনেইন্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের একটা প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে উড়তি বসয়ী তরুণ–তরুণী এবং আগ্রহীরা ভাড়ার জন্য বুকিং নিয়ে সেখানে ডিজে পার্টি, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করত। দীর্ঘদিন ধরে এসব কাজ করে আসার তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। গত সোমবার রাতে অভিযান চালিয়ে সেখান থেকে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া ডিজে পার্টির নামে মাদক সেবনসহ অসামাজিক কাজ করতো। এসব কাজের আলামতও উদ্ধার করা হয়েছে। এছাড়া বেশি কিছু গাড়িও জব্দ করা হয়েছে। এসময় সেখান থেকে প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারীও রয়েছে।

বাড়িটিতে মাদকসহ আটকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন, সোমবার একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের যেসব নিয়ম রয়েছে সেগুলো যারা ভাড়া নেন তাদেরকে বলে দেওয়া হয় কি করা যাবে, কি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানাও রয়েছে।

তিনি বলেন, যারা ভাড়া নিয়েছে তারা নিয়ম ভঙ্গ করেছে। এতে আমাদের কেউ সম্পৃক্ত নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.